ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত নাগরিক সংহতি সমাবেশে নতুন ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা প্রকাশ করেছেন অধ্যাপক আনু মুহাম্মদ। শনিবার (৩১ মে) বিকেলে গণতান্ত্রিক ছাত্র জোটের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে তিনি বলেন, “বর্তমান পরিস্থিতিতে সমাজের মধ্যে নতুন ফ্যাসিবাদী শক্তির নড়াচড়া স্পষ্ট। এর বিরুদ্ধে এখনই প্রতিবাদ গড়ে তুলতে হবে।”
সমাবেশটি অনুষ্ঠিত হয় যুদ্ধাপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে দায়মুক্তি এবং রাজশাহী ও চট্টগ্রামে গণতান্ত্রিক ছাত্র জোটের মিছিলে হামলার প্রতিবাদে।অধ্যাপক আনু মুহাম্মদ অভিযোগ করেন, “গণ–অভ্যুত্থানের প্রত্যাশা থাকলেও সরকার জনগণের চাওয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। কোনো কোনো ঘটনায় সরকারি বাহিনীর প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যাচ্ছে। নারীর অধিকার, শ্রমিক আন্দোলন কিংবা শিক্ষার্থীদের কণ্ঠ—যেখানেই প্রতিবাদ, সেখানেই হামলা।”
তিনি আরও বলেন, “১৯৭১ সালের যুদ্ধাপরাধী হিসেবে ইতিহাসে চিহ্নিত এ টি এম আজহারকে দায়মুক্তি দেওয়া মানে মুক্তিযুদ্ধের শহীদ ও নির্যাতিতদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা। আদালতের সিদ্ধান্ত বাস্তবতা মুছে দিতে পারে না।”
আনু মুহাম্মদ সতর্ক করে বলেন, “যুদ্ধাপরাধের বিচারকে ইসলামবিরোধী বলে প্রচার ভয়ংকর মিথ্যাচার। ’৭১-এ শহীদরা ছিলেন ধর্মপ্রাণ মুসলমান। সেই হত্যাকারীদের বিচার মানেই প্রকৃত ইসলাম রক্ষা।”
সমাবেশে আরও বক্তব্য দেন ভাসানী পরিষদের সাধারণ সম্পাদক হারুন উর রশীদ এবং গণতান্ত্রিক অধিকার কমিটির সদস্য মানজুর আল মতিন। প্রবল বৃষ্টির কারণে সমাবেশটি সংক্ষিপ্ত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক জাবির আহমেদ।